Published : 05 Dec 2025, 02:03 PM
ঝিনাইদহের কালীগঞ্জে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা এক নসিমন চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নসিমন ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের ফার্দ এলাকায় মাঠের ভিতর লাশটি পড়েছিল বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম।
নিহত ওমর আলি (৩৫) কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের সাত্তার শেখের ছেলে।
ওসি বলেন, নিহতের স্বজনরা জানায় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ওমর আলি নসিমন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
সকালে ফার্মের মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, ওমর আলীকে কুপিয়ে ও গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, নসিমন ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে ।