১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে গৃহবধূকে গলা কেটে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

পুলিশ বলছে, দেড় মাস আগে ওই গৃহবধূকে বাড়ির উঠানে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।

কুড়িগ্রামে গৃহবধূকে গলা কেটে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 05:19 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আবুল কালামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রংপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোম্বামী জানান, বৃহস্পতিবার গভীর রাতে জেলার বদরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করেন তারা।

গ্রেপ্তার ৩৫ বছর বয়সী আবুল কালামমের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ এলাকায়।

মামলার বিবরণে বলা হয়, আসামি আবুল কালাম ও তার সহযোগীরা পাঁচ হাজার টাকার বিনিময়ে ওই গৃহবধূর ছোট বোনকে কুপ্রস্তাব দেন। বিষয়টি জানাজানি তাদের ছোট ভাই গ্রাম্য সালিশ ডাকেন। তবে সালিশের দিন আসামিরা উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়। বরং সালিশ ডাকায় তারা আরও ক্ষুব্ধ হয় এবং প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে।

এর জেরে চলতি বছরের ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই গৃহবধূ বাড়ির উঠানে রান্নার জন্য চাল ধুতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আবুল কালাম ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে কচাকাটা থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা বিপ্লব গোম্বামী বলেন, “মর্মান্তিক এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। 

“এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জ থানার স্টেশন রোড এলাকায় মো. আব্দুল মতিন আনছারীর বাড়িতে অভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামি আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।” 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবুল কালামকে কচাকাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।