২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ‘গালাগালির’ প্রতিবাদ করায় ২ সাংবাদিককে মারধর

সহকর্মীকে বাঁচাতে অপর সাংবাদিক এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 04:56 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

চাঁপাইনবাবগঞ্জে শহরে ‘গালাগালি’ করার প্রতিবাদ করে মারধরের শিকার হয়েছেন দুই সাংবাদিক। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।

আহতরা হলেন- বেসরকারি টিভি চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ওই দুই সাংবাদিক বাতেন খাঁ মোড়ে বসে চা পান করছিলেন। এ সময় স্থানীয় রাব্বির নেতৃত্বে ছয়-সাত জনের একটি দল সেখানে কয়েকজন ব্যক্তিকে গালাগালি করছিল। 

এ সময় এক সাংবাদিক তার প্রতিবাদ করে। তখন তার ওপর হামলা চালায় রাব্বিসহ অন্যরা। সহকর্মীকে বাঁচাতে অপর সাংবাদিক এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। 

সাংবাদিক তারেক আজিজ বলেন, “নিমতলা এলাকার রাব্বি ও তার সঙ্গে থাকা কয়েকজন সন্ত্রাসী মদ্যপ অবস্থায় স্থানীয়দের গালিগালাজ করছিল। এতে বাধা দিলে তারা আমাদের পিটিয়ে আহত করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।”

তারেক রহমান বলেন, “আমাদের হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে। মারধরের সময় বারবার গলা টিপে ধরছিল।”

ওসি একরামুল হোসাইন বলেন, “আহত দুই সাংবাদিকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

তিনি আরও জানান, রাব্বির বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ অন্তত ৯টি মামলা রয়েছে, তবে তিনি বর্তমানে জামিনে আছেন।

এ বিষয়ে রাব্বির বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।