১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে পুড়ে গেছে ৯ ব্যবসা প্রতিষ্ঠান, প্রায় ৮০ লাখ টাকা ক্ষতির দাবি

সড়ক পথে যাতায়াতের প্রতিবন্ধকতায় ফায়ার সার্ভিসের সদস্যরা যেতে না পারায় স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 01:58 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরাঞ্চলের একটি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা যেতে না পারায় স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে প্রাথমিকভাবে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 

মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন। 

স্থানীয়দের বরাতে তিনি বলেন, বাজারের সঞ্জিত রায়ের মালিকানাধীন একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। 

একপর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে তিনটি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্স দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতায় কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। 

স্টেশন লিডার রিয়াজ উদ্দিন বলেন, রাতে খবর পাওয়া গেলেও সড়ক পথে যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। তবে স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।