০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ‘ইউপিডিএফ সংগঠক’ উদ্ধার

শুক্রবার সকালে পাইনংপাড়া এলাকায় প্রতিপক্ষের সঙ্গে ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 05:48 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুটি পক্ষের মধ্যে গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আহত ঝিমিত চাকমা (৫০) প্রসীত খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গুইমারা উপজেলার সংগঠক বলে দাবি পুলিশের। 

শুক্রবার সকালে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইনংপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ওই এলাকায় প্রতিপক্ষের সঙ্গে ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটে। 

পরে পুলিশ ঘটনাস্থলে গেলে সশস্ত্র ব্যক্তিরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা ঝিমিত চাকমাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, ঝিমিত চাকমার বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ ছয়টি মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।