১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 05:23 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

টাঙ্গাইল সদরে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ।

তিনি বলেন, মেয়েটি টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছে। এ ঘটনায় সাভার পরিবহনের একটি বাস জব্দ করা হয়।

আটকরা হলেন- বাস চালক মো. আলতাফ (২৫), চালকের সহকারী মো. সাগর (২৪) ও মো. রাব্বি (২১)।

ওসি মো. শরীফ বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি কলেজের ছাত্রী (২৬) ঢাকার রেডিওকলোনি থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন।

“বাসে আগে থেকে দুইজন যাত্রী ছিলেন। পথে যাত্রীরা নেমে গেলে কলেজ ছাত্রীকে আটকে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। বাসটি বিভিন্ন জায়গায় ঘুরে ওই নারীকে রাতভর ‘ধর্ষণ’ ও ভিডিও ধারণ করা হয়।”

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী পথে করটিয়া আন্ডারপাস এলাকায় সন্দেহজনক অবস্থায় বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। এ সময় চালককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাসটি তল্লাশি করে ওই মেয়েটিকে পাওয়া যায়।

পরে মেয়েটির অভিযোগের ভিত্তিতে বাস চালক ও তার দুই সহকারীকে আটক করা হয় বলে জানান ওসি মো. শরীফ।