Published : 11 Feb 2026, 10:11 AM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারসহ মোট ২৬ হাজার ৩৩৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
এর মধ্যে পুলিশের ৩ হাজার ৯৭৯ জন, সেনাবাহিনীর সদস্য ২ হাজার ৪০ জন, বিজিবির ৪০০ জন, আনসার-ভিডিপির সদস্য ১৯ হাজার ৩৮৩ জন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
মঙ্গলবার বিকালে কুমিল্লা পুলিশ লাইন্সে পুলিশ ও এপিবিএন সদস্যদের ব্রিফিংয়ে আনিসুজ্জামান বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা যেন সব সময় বডি ওর্ন ক্যামেরা চালু রাখেন এবং যে কোনো অভিযোগ ও অনুযোগের বিষয়ে যেন প্রিজাইডিং অফিসারকে অবহিত করেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের পুরনো দুর্নাম ঘুচানোর আহ্বান করেন।

এছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে মঙ্গলবার কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে মহড়া দিয়েছে সেনাবাহিনী। বিকালে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে শুরু করে কান্দিরপাড়, প্রেসক্লাব, ফৌজদারি, পুলিশ লাইনসহ বিভিন্ন সড়কে মহড়া দেয় তারা।
এর আগে কুমিল্লার বিভিন্ন উপজেলার পৃথক পৃথক কেন্দ্রগুলোতেও সেনাবাহিনী তাদের নিরাপত্তা মহড়া প্রদর্শন করে।
এসব মহড়ায় কেন্দ্র নিরাপত্তা, ভোটারদের ভোট গ্রহণ এবং বাড়ি ফিরে যাওয়ার নিরাপত্তা, কেন্দ্রের আশেপাশের এলাকাগুলো থেকে নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্তি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত সাড়া দেয়ার পদ্ধতি মহড়া দেয়া হয়।

এদিকে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ভোটের দিনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে, ৭৩ জন নির্বাহী হাকিম, ২৫ জন বিচারিক হাকিম, ৫৫ প্লাটুন সেনাবাহিনী, বিজিবি ৩৯ প্লাটুন, র্যাব এর ২৪টি মোবাইল টিমসহ শুধুমাত্র ভোট কেন্দ্রের জন্য ৩ হাজার ৯ শত ৭৯ জন পুলিশ ও বিপুল পরিমাণ আনসার- ভিডিপি বাহিনী কাজ করবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।
এছাড়া বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে জেলার ১১টি আসনের ১৭টি উপজেলার সহকারী রিটার্নং কর্মকর্তার কার্যালয় থেকে ১ হাজার ৪৯১টি কেন্দ্রে ভোটের বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম পৌছে দেওয়া হবে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান আরও জানান, কুমিল্লার ১১টি আসনে আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ ৭৩ জন নির্বাহী হাকিম, এবং ২৫ জন বিচারিক হাকিম এর মধ্যেই তাদের দায়িত্বপূর্ণ এলাকায় রয়েছেন।