Published : 14 Sep 2026, 01:31 PM
দেশ যখনই কোনো কঠিন সংকটে পড়ে, সেখান থেকে উত্তরণের জন্য মানুষ বিএনপির ওপরই আস্থা রেখে দায়িত্ব অর্পণ করে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
একই সঙ্গে দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেছেন, দলের ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে এর চূড়ান্ত সুবিধা নেবে গুপ্ত ও পলাতক বাহিনী।
রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন মন্ত্রী।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, “সংকটকালে দেশ ও জনগণকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান কাজ। তবে এই লক্ষ্য অর্জনে দলের ভেতর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা আবশ্যক।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, “দল না থাকলে পদের কোনো মূল্য থাকে না। আর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা না থাকলে কোনো রাজনৈতিক সংগঠন কখনোই এগিয়ে যেতে পারে না।”
বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে মন্ত্রী বলেন, আগামীতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বেশ কিছু কঠিন সময় পার করতে হতে পারে। সে জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বক্তব্য দেন।
সভায় জেলার পাঁচটি উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।