Published : 26 Jun 2026, 05:52 PM
পাবনার পদ্মা নদীতে বালু উত্তোলন ও এলাকার আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে পাবনা সদর ও সুজানগর উপজেলার সীমান্তবর্তী চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের জোতকাকুরিয়া কলাবাগান এলাকার পদ্মার চরে এ ঘটনা ঘটে বলে জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান।
নিহত মঞ্জু শেখ (৩৫) সুজানগর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি স্থানীয় বিএনপির কর্মী ছিলেন বলে পরিবারের দাবি।
পুলিশ জানায়, ওই এলাকায় পদ্মা নদীর চরে বালু উত্তোলন নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আগেও উত্তেজনা তৈরি হয়।
শুক্রবার সকালে দুপক্ষের লোকজন বালু উত্তোলন এলাকা দেখতে গেলে আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ ঘটনাস্থলেই মারা যান।
নিহতের চাচা ও সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিরোধকে কেন্দ্র করে আমার ভাতিজাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি চাই।”
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।