১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেলে আসা ব্যক্তিদের গুলিতে প্রাণ গেল চা দোকানে বসা যুবকের

কুষ্টিয়ায় দৌলতপুরের পঁচাভিটা গ্রামে দুইটি মোটরসাইকেলে করে মুখোশ পরা পাঁচ ব্যক্তি এসে রফিকের বুকে গুলি করে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 02:02 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

কুষ্টিয়ার দৌলতপুরে দুইটি মোটরসাইকেলে আসা হামলাকারীদের গুলিতে চা দোকানে বসে থাকা এক যুবক নিহত হয়েছেন। 

মোটরসাইকেল আরোহীদের বাধা দিতে গিয়ে গুলিতে আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ। 

নিহত রফিক মণ্ডল (৪৮) স্থানীয় বাসিন্দা মৃত মতালেব মণ্ডলের ছেলে। আহত হয়েছেন রবজেল ফরাজী (৪৫) ও ইউসুফ মোল্লা (৪০)। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় চা দোকানী ওবাইদুলের চা দোকানের পাশে বাঁশের তৈরি মাচার উপর বসে আলাপ করছিলেন রফি মণ্ডলসহ কয়েকজন। 

এ সময় দুইটি মোটরসাইকেলে করে মুখোশ পরা পাঁচ ব্যক্তি এসে রফিকের বুকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

হত্যাকারীরা পালিয়ে যাওয়ার সময় রবজেল ও ইউসুফ তাদের বাধা দেয়ার চেষ্টা করে। তখন হামলাকারীরা তাদের পায়ে গুলি করে দুই মোটরসাইকেল নিয়ে দুই দিকে পালিয়ে যায়। 

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, “কৃষি শ্রমিক রফিকের সঙ্গে পাশের গ্রামের এক ব্যক্তির টাকা-পয়সা লেনদেনের ঘটনায় সৃষ্ট দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে নিহতের স্বজনদের কাছে শুনেছি।”

ওসি মো. সোলাইমান শেখ বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা টাকা-পয়সা লেনদেনের ঘটনায় সৃষ্ট দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ তদন্ত করে দেখছে, এ হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক তাদের গ্রেপ্তার করা হবে।