Published : 29 Apr 2026, 01:23 PM
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি বিল থেকে এক অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানিয়েছেন।
নিহত নাঈম হোসেন সলঙ্গা থানার মালতিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি অটোরিকশা চালানোর পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করতেন।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্বজনরা বলছেন, মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন বাড়িতে খবর দেয়।
ওসি আহসানুজ্জামান বলেন, “ঘটনাস্থলে নিহতের অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই নাঈমকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।”
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং নিহতের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছন এ পুলিশ কর্মকর্তা।