Published : 04 Feb 2026, 01:01 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে সিরাজগঞ্জের ২১ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৫৫ জন বিভিন্ন জেলার কারাগারে বন্দি আছেন। তবে এ নিয়ে তেমন আগ্রহ দেখাননি জেলা কারাগারে থাকা বন্দিরা।
বর্তমানে কারাগারে ১ হাজারের বেশি বন্দি থাকলেও মাত্র ১২ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ কারাগারের ভারপ্রাপ্ত জেলার দিলীপ কুমার রায়।
মঙ্গলবার বিকালে তিনি বলেন, নির্ধারিত সময়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার জন্য কারাগারে থাকা বন্দিদের রোল কলে বিষয়টি অবগত করা হয়েছিল। কিন্তু মাত্র ১২ জন বন্দি ভোট দিতে আগ্রহ প্রকাশ করে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ১১ জন সিরাজগঞ্জের এবং ১ জন টাঙ্গাইলের বাসিন্দা।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, নিবন্ধনের নির্ধারিত সময়ে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন কারাগারে থাকা সিরাজগঞ্জ জেলার বাসিন্দা মোট ৫৫ জন কারাবন্দি নিবন্ধন করেছেন। এরমধ্যে সিরাজগঞ্জ কারাগারে থাকা নিবন্ধনকৃত বন্দির সংখ্যা মাত্র ১২ জন।
এদিকে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান বলেন, গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া গত ৫ জানুয়ারি রাত ১২টায় শেষ হয়।
এর মধ্যেই সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ২১ হাজার ১৪২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে প্রবাসী, দেশের অভ্যন্তরে থাকা চাকুরীজীবি, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আনসার ও ভিডিপির সদস্য এবং কারাবন্দিরা রয়েছেন।
তিনি আরও বলেন, নিবন্ধনকৃত ভোটারদের মধ্যে প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা ভোটারের সংখ্যা আলাদা করা সম্ভব হয়নি। তবে নির্বাচন এলাকায় সরবরাহকৃত ভোটার তালিকায় পোস্টাল ব্যালটে নিবন্ধনকৃত ভোটারের নামের পাশে বিশেষ চিহ্ন দেওয়া আছে।
পোস্টাল ব্যালটে আসনভিত্তিক নিবন্ধন অনুযায়ী, সিরাজগঞ্জ-১ আসনে ২ হাজার ৯৬ জন, সিরাজগঞ্জ-২ আসনে ৩ হাজার ৮৪৫ জন, সিরাজগঞ্জ-৩ আসনে ২ হাজার ৮৭৫ জন, সিরাজগঞ্জ-৪ আসনে ৪ হাজার ১৯৫ জন, সিরাজগঞ্জ-৫ আসনে ৩ হাজার ৬৪৯ জন এবং সিরাজগঞ্জ-৬ আসনে ৪ হাজার ৪৮২ জন ভোটার নিবন্ধন করেছেন বলে জানান এই কর্মকর্তা।