১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মধ্যরাতে একদল লোক বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালায় বলে জানান স্বজনরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 06:14 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাড়িতে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কুমারগাতা ইউনিয়নের শ্যামপুর ঘোষবাড়ী এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন।

নিহত শফিকুল ইসলাম (৩৫) ওই এলাকার কাশেম আলীর বড় ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শফিকুল ইসলাম নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। রাত পৌনে ১২টার দিকে একদল লোক বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা শফিকুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করেন। 

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

স্থানীয় ভ্যান চালক আবুল হোসেন বলেন, “এমন ঘটনা সত্যিই দুঃখজনক। আমরা এ নৃশংসতার সুষ্ঠু বিচার চাই।”

একই এলাকার বাসিন্দা লাইলী আক্তার বলেন, যারা শফিকুলকে এভাবে মেরেছে, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। আশা করছি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”