Published : 23 Apr 2026, 09:52 PM
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার আলাদা আলাদা জায়গায় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার বুরাইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মো. লিটন মোল্লা (৩৩), একই ইউনিয়নের কটুরাকান্দি গ্রামের সবুজ মোল্লা (২৩) এবং টাবনী গ্রামের আলী শরীফ (২০)।
মামলার এজাহারে বলা হয়, ২৩ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে লিটন মোল্লার প্রায় দুই মাস ধরে সম্পর্ক ছিল। সেই সূত্রে বুধবার রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মোটরসাইকেলে করে একটি বাড়িতে নেওয়া হয়। সেখানে লিটন, সবুজ ও আলী শরীফ তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ওই নারী বৃহস্পতিবার দুপুরে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ওসি ফকির তাইজুর রহমান বলেন, তিন আসামিকে শুক্রবার আদালতে তোলা হবে। আর তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।