Published : 04 Aug 2026, 06:46 PM
সাতক্ষীরা শহরে বেসরকারি ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় সেখান থেকে রোগীদের উদ্ধার করে সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের নিচতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। অ্যাম্বুলেন্সে করে রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
ব্লিস হাসপাতালের প্রশাসনিক বিভাগের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার বিশ্বাস বলেন, “নিচ তলায় আগুন লাগার খবর পেয়ে আমরা তিনতলা থেকে নিচে নেমে আসি। এরপর রোগীদের দ্রুত সরিয়ে অন্যত্র নেওয়া হয়।”
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।