যশোরে খেলা দেখে ফেরার পথে বাইক দুর্ঘটনায় ২ তরুণের মৃত্যু
বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।
আর্জেন্টিনা-ফ্রান্সের ফুটবল ম্যাচ দেখে ফেরার পথে যশোরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন।
সোমবার সকালে রুদ্রপুর গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শার্শা থানার ওসি শামিনুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) ও একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)।
দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল হোসেন (৩০) এবং ট্রলি চালক রুদ্রপুর গ্রামের আমিরুল ইসলাম ও তার সহকারী নিরব হোসেন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি শামিনুল বলেন, “রাতে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ দেখার পর ভোরে উষা, নাহিদ ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে যাচ্ছিলেন। অন্যদিকে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক আমিরুল।
“পথে বেপরোয়া গতির কারণে উভয় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা উষা ও নাহিদের মৃত্যু হয়।”
স্থানীয়রা মোটরসাইকেলের অপর আরোহী আহত রুবেল, ট্রলি চালক ও তার সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
শার্শা থানার এসআই চঞ্চল বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
