১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

সাজার পাশাপাশি তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 06:33 PM

Updated : 16 Sep 2026, 01:02 PM

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত নিহাদ (২১) বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে।

সাজার পাশাপাশি তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। 

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ জানায়, রোববার সকালে বাসাইল স্থানীয় একটি বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। এ সময় স্থানীয় সালাউদ্দিনের মুদি দোকান ছাড়ানোর পর বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে এসে নিহাদ ওই ছাত্রীদের উত্ত্যক্ত ও শরীরে স্পর্শের চেষ্টা করেন।

অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে নিহাদকে হাতেনাতে আটক করে। 

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহাদ উত্ত্যক্ত করার কথা স্বীকার করলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

নিহাদকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ জানান। 

তিনি বলেন, “নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”