Published : 29 Jun 2026, 11:01 AM
নড়াইল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রায়হানের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে।
রোববার রাতে সদর থানায় এ মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি অজয় কুমার কুন্ডু।
তিনি রাত ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলায় সদর উপজেলার যদুনাথপুর গ্রামের টিপু সুলতানের ছেলে জিসানুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”
মামলার বিবরণ অনুযায়ী, নড়াইল সদর উপজেলা পরিষদের চারতলা ভবনের তৃতীয় তলায় বাদীর কার্যালয় রয়েছে। আসামি জিসানুর রহমান মাঝে-মধ্যেই সেখানে গিয়ে গোপনীয় তথ্য চেয়ে থাকেন। সবশেষ রোববার বিকাল ৩টার দিকে ৪-৫ জন সহযোগী নিয়ে জিসানুর বাদীর অফিসে গিয়ে নড়াইলের মৎস্য সুবিধাভোগীর তালিকা চান।
বাদী রায়হান (৩৫) মামলায় বলেছেন, তখন তিনি জিসানুরকে বলেন, এ ধরনের তথ্য অতীতে অনেকবার দেওয়া হয়েছে। এসময় জিসানুর উত্তেজিত হয়ে গালিগালাজ করতে থাকেন। একপর্যায় ১ নম্বর আসামি বাদীকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে নাক, মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থান জখম করে। সেই সঙ্গে সেখানকার সরকারি কম্পিউটার আছাড় মেরে ভেঙে ফেলা হয়।
এজাহারে বলা হয়, আসামি জিসানুর রহমান টেবিলের ওপরে রাখা গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে ছিটেয়ে ফেলে দিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে। তিনিসহ অন্য আসামিরা বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। বলেও উল্লেখ্য করা হয়।