১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে: গয়েশ্বর চন্দ্র রায়

“দুঃসময়ে বড় বড় অনেক নেতা দল ছেড়ে গেছে কিন্তু তৃণমূলের কোনো নেতাকর্মী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ছেড়ে যায় নাই,” বলেন তিনি।

নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে: গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা নগরের কান্দিরপাড়ে সমাবেশে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 08:17 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের যথেষ্ট আন্তরিকতার অভাব রয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, “আমি বিশ্বাস করি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের আন্তরিকতা রয়েছে। কিন্তু এই আন্তরিকতা যথেষ্ট নয়।

“ফ্যাসিবাদ বিতাড়িত হবার পরও নির্বাচন নিয়ে যে আশঙ্কা রয়েছে, তা একাত্তর ও ৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে। ভিপি নূরের ওপর হামলা ও ডাকসু নির্বাচন স্থগিতের পর আরেকটি যুদ্ধের সম্মুখীন হচ্ছি বলে আমরা মনে হচ্ছে।”

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার কুমিল্লা নগরের কান্দিরপাড়ে সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে কেন্দ্রীয় বিএনপি এবং কুমিল্লা উত্তর-দক্ষিণ ও মহানগরের নেতারা অংশগ্রহণ করেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, “বিএনপির সরকারে থাকার অভিজ্ঞতা রয়েছে, আবার বিরোধী দলে থাকারও অভিজ্ঞতা রয়েছে। দুঃসময়ে বড় বড় অনেক নেতা দল ছেড়ে গেছে, কিন্তু তৃণমূলের কোনো নেতাকর্মী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ছেড়ে যায় নাই।” 

তৃণমূল মানুষের দল বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ নাই বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর পরিচালনায় সমাবেশে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বক্তব্য দেন। 

এ সময় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ ভূঁইয়া, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।