১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে সরকারি চাল খোলা বাজারে বিক্রি, বিএনপি নেতা গ্রেপ্তার

খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালীতে সরকারি চাল খোলা বাজারে বিক্রি, বিএনপি নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার ওজি উল্যাহ কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার বেলা ১২টার দিকে কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কবিরহাট থানার ওসি শাহীন মিয়া।

গ্রেপ্তার ওজি উল্যাহ কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের প্রয়াত দুধা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতা ওজি উল্যাহ ধানসিঁড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার নেন। এরপর থেকে স্থানীয় লোকজন তার বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তোলে। 

সবশেষ রোববার সরকারি তিন বস্তা চাল খোলা বাজারে বিক্রির সময় আটক করে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ৪৩ বস্তা চাল জব্দ করে ইউনিয়ন সচিবের জিম্মায় রাখেন।

এ ঘটনায় সোমবার উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. ছালেহ উদ্দিন বাদী হয়ে কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন বলে জানান ওসি শাহীন মিয়া।

তিনি বলেন, মঙ্গলবার গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে ওজি উল্যাহকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়।