ঝিনাইদহে গরু চুরির অভিযোগে ‘গণপিটুনিতে’ একজন নিহত
এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে ‘গণপিটুনিতে‘ একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার রাত ২টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ওসি কবির হোসেন বলেন, মধ্য রাতে ওই গ্রামের বিধবা নিলুফা ইয়াসমিনের বাড়িতে চোর প্রবেশ করে। চোরেরা মহিলার বসতঘরে বাইরে থেকে তালা দিয়ে গোয়ালঘর থেকে দুটি গরু নিয়ে পালানোর চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে নিলুফার চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করেন। অনেক খোঁজাখুঁজির পর দুইজনকে আটক করে গ্রামবাসী। পরে তাদের গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন।
অপরজন গুরুতর আহত হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
