১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ্যে ভোট: ৫ বছর পর সাবেক এমপি আয়েনের বিরুদ্ধে মামলা

এ মামলাটি করেছেন রফিকুল ইসলাম নামের এক বিএনপিকর্মী।

প্রকাশ্যে ভোট: ৫ বছর পর সাবেক এমপি আয়েনের বিরুদ্ধে মামলা
ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রাজশাহী-৩ আসনের টানা দুইবারের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 01:50 AM

Updated : 26 Aug 2026, 10:19 AM

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর পবায় ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল দেওয়ার অভিযোগে সাড়ে পাঁচ বছর পর মামলা হয়েছে। 

শুক্রবার রাতে রফিকুল ইসলাম নামের এক বিএনপিকর্মী মামলাটি করেন বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার থানার ওসি মোহা. মনিরুজ্জামান জানান। 

মামলায় রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। 

আসামি হিসেবে আওয়ামী লীগের মোট ৮৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই নির্বাচনে নৌকার প্রার্থী আয়েন উদ্দিনের নেতৃত্বে আসামিরা বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করেন। আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন তারা কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারেন।

কর্ণহার থানার ওসি মোহা. মনিরুজ্জামান বলেন, মামলাটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসামিরা আত্মগোপনে আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।