০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে স্পিডবোটের ২ যাত্রী নিহত

বেমালিয়া নদীতে বিপরীত দিক থেকে আসা স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে স্পিডবোটের ২ যাত্রী নিহত
দয়াল মিয়া ও সজীব মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 10:27 AM

Updated : 17 Sep 2026, 03:00 AM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বেমালিয়া নদীতে স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাসিরনগর থানার ওসি মো. শাহিনুল ইসলাম।

নিহতরা হলেন- উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।

আহত ব্যক্তি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পৌঁছে দিয়ে একটি স্পিডবোট চাতলপাড় ফিরে যাচ্ছিল। পথে বেমালিয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়াকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে গেছে পুলিশ। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।