ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ নিহত ২
কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকচাপায় এক অটোরিকশার চালকসহ দুজনের প্রাণ গেছে।
শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সরাইল থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের কাছম আলীর ছেলে ৫৫ বছর বয়সী মো. ইউসুফ ও একই ইউনিয়নের মৈন্দ ফকির বাড়ির আব্দুল আলীমের ছেলে ৫৫ বছর বয়সী মুসলিম মিয়া।
ওসি মোরশেদুল আলম বলেন, “যশোরের মণিরামপুর থেকে সিলেটের বিশ্বনাথপুর উপজেলার লামাগাজী গামী একটি মাছবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়।
“এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন।”
সকালে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
