১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

আসামি চার ও পাঁচ বছরের দুই শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
পাবনার সাঁথিয়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মো. রনি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 04:56 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

পাবনার সাঁথিয়া উপজেলায় খাবারের প্রলোভন দেখিয়ে চার ও পাঁচ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার রাতে উপজেলার দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পাবনা র‌্যাবের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেপ্তার মো. রনি (৪০) উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। 

শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, “মঙ্গলবার বিকালে শিশু দুটি রাস্তায় খেলছিল। এ সময় রনি  খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যান। 

“সেখানে দুজনের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন রনি। বিষয়টি কাউকে বলতে নিষেধ করে দুজনকে বাড়িতে পাঠিয়ে দেন। অসুস্থ অবস্থায় বাড়ি যাওয়ার পর স্বজনরা কারণ জানতে চাইলে তারা ধর্ষণের বিষয়টি বলে।”

তিনি বলেন, বুধবার এক শিশুর পরিবার সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করা হয়। তবে রনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয় বলে জানান ইলিয়াস খান।

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।