১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইমামকে ‘হুমকি’, ‘প্রতিবাদ করায়’ বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

“কথা কাটাকাটির এক প্রর্যায়ে আলমাস খবিরকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে দেয়।”

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 01:34 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মসজিদের ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম জানান।

নিহত ৫০ বছর বয়সী খবির সরদার ওই এলাকার ইউনূস সরদারের ছেলে এবং বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এ ঘটনায় অভিযোগের মুখে থাকা ব্যক্তির নাম আলমাস সরদার বড়কান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।  

স্থানীয়দের বরাতে ওসি মাইনুল ইসলাম বলেন, “বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকার ‘ওমরআলী মাদবর কান্দি জামে মসজিদে’ মঙ্গলবার ভোরে মাইকে আজান দেওয়ায় ও বয়ান করায় ঘুমের ব্যাঘাত হচ্ছে বলে ইমামকে হুমকি দেন আলমাস। পরে মসজিদ কমিটির লোকজন এর প্রতিবাদ জানায় এবং থানায় একটি সাধারণ ডায়েরি করে।

“মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে মসজিদ কমিটির সদস্য বিএনপির নেতা খবিরের সঙ্গে ছাত্রলীগ নেতা আলমাসের কথা কাটাকাটি হয়। এক প্রর্যায়ে আলমাস খবিরকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, “মসজিদের মাইকে আজান ও বয়ান দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আলমাস ইমামকে হুমকি দিয়েছিল। পরে বিষয়টি নিয়ে আমাদের কমিটির পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

“এরপর থেকেই আলমাস আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। তাই সুযোগ বুঝে খবিরকে ছুরিকাঘাতে করে হত্যা করেছে। আমরা এই ঘটনার বিচার চাই।”

জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, “মসজিদের মাইকে আজান দিলে ছাত্রলীগ নেতা আলমাস সরদারের ঘুমে ব্যাঘাত হয়, তাই সে মসজিদে এসে হুজুরকে হুমকি দেয়। পরে মসজিদের সবাই প্রতিবাদ জানায়। তাই ওই আওয়ামী সন্ত্রাসী আলমাস গংরা ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা খবির সরদারকে হত্যা করেছে।”

ওসি মাইনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।