১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রলির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইক চালক স্কুলছাত্রের, আহত ২ বন্ধু

তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইক চালক স্কুলছাত্রের, আহত ২ বন্ধু
নিহত দশম শ্রেণির ছাত্র সিজান আহমেদ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 11:19 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

নাটোরের সিংড়ায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছেন বাইক আরোহী তার দুই বন্ধুও।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিংড়ার নিংগইন–জোরমল্লিকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনার তথ্য দেন সিংড়া থানার ওসি মো. মমিনুজ্জামান।

নিহত সিজান আহমেদ (১৭) বগুড়ার শাহজাহানপুর এলাকার প্রবাসী সোহেল রানার ছেলে। সে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে ভোকেশনাল শাখার ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সিংড়া পৌরসভায় নানার বাড়িতে থেকে সে পড়াশোনা করত।

নিহত সিজানের দুই বন্ধু মুশফিক ও সোহান গুরুতর আহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেছেন ওসি।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুই বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে নিংগুইন থেকে সিংড়ার দিকে যাচ্ছিলেন তিনি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সিজান। স্থানীয়রা তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিজানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।