১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর

সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 07:12 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাদিপুর স্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির।

নিহতরা হলেন- উপজেলার লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার এনামূল হকের ছেলে সেলিম হোসেন (২২) এবং একই গ্রামের তারিক আলীর ছেলে মো. তানজিল (২৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই বন্ধু সেলিম ও তানজিল মোটরসাইকেলে করে লোকনাথপুর থেকে কাদিপুরের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খান তারা। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সেলিম মারা যান।

স্থানীয়রা আহত তানজিলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনিও মারা যান।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে বলে জানান ওসি হুমায়ুন কবির।