Published : 05 Aug 2026, 12:47 PM
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদ থেকে বালু তোলার সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে এক শ্রমিকের প্রাণ গেছে।
বুধবার সকাল পৌনে ৮টার দিকে রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
নিহত ২০ বছর বয়সী রিফাত মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গন্দিরগাঁও গ্রামের সেকুল মিয়ার ছেলে।
ওসি মোস্তাফিজুর বলছেন, “মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে দুইটি নৌকায় বোঝাই করা হচ্ছিল। এ সময় মাঝখানে থাকা শ্রমিক রিফাত মিয়া দুই নৌকার চাপায় গুরুতর আহত হয়ে পানিতে তলিয়ে যান।
“এ সময় নৌকায় থাকা অন্য শ্রমিকরা দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।”
অবৈধভাবে বালু উত্তোলন প্রসঙ্গে জানতে চাইলে ওসি মোস্তাফিজুর বলেন, “অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সম্প্রতি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে সাজা দেওয়া হয়েছে এবং একাধিক নৌকা জব্দ করা হয়েছে।
“এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে পর্যাপ্ত নৌযান না থাকায় অভিযান পরিচালনায় কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।"
ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
এ বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, “উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সম্প্রতি অবৈধ বালু উত্তোলনের ঘটনায় বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে একাধিক নৌকা।”
নদী ও পরিবেশ রক্ষায় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান তিনি।