১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হাম: ময়মনসিংহ মেডিকেলে ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৮ শিশু। এই সময়ে কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেনি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 11:04 AM

Updated : 26 Aug 2026, 03:43 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ । 

শনিবার সকালে হাসপাতাল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার বলেন, মৃত শিশুদের বয়স ৪ মাস ও  সাড়ে তিনমাস। 

চার মাস বয়সী শিশুটি কিশোরগঞ্জের পূর্ব ঝিনারই গ্রামের বাসিন্দা। শিশুটিকে ২২ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

অপর সাড়ে তিনমাস বয়সী শিশুটি ময়মনসিংহ নগরের আকুয়ার বাসিন্দা। শিশুটিকে ২৫ মে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫৪৯ শিশু। 

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৮ শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১১৬ শিশু। এই সময়ে কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেনি।

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, হাম ছোঁয়াচে হওয়ায় আক্রান্তের সংখ্যা সহজেই কমছে না। তবে শিশুদের শরীরে হামের টিকা কাজ শুরু করায় রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যাও কমে আসবে।