পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, বেনাপোলে আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ
রোববার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এটা চলবে।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে টানা তিন দিন বন্ধ থাকছে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি।
এ সময় শুধু জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে বাংলাদেশে অবস্থান করা পশ্চিমবঙ্গের ভোটাররা ভারতে প্রবেশ করতে পারবেন। পচনশীল পণ্য আমদানি-রপ্তানি চলবে।
রোববার সন্ধ্যায় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলা হাকিম ও জেলা নির্বাচন কর্মকর্তা শ্রীমতী শিল্পা গৌরীসারিয়া স্বাক্ষরিত শনিবার এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩ এর ১৬৩ ধারা অনুযায়ী, নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোলের স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ কারণে টানা তিন দিন এ পথে পচনশীল পণ্য ছাড়া অন্য কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে সব পণ্য আমদানি-রপ্তানি চলবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি এম শাখাওয়াত হোসেন জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন জানিয়েছে, তিন দিন যাত্রী চলাচল সীমিত করা হয়েছে। ভারতীয় যারা বাংলাদেশে অবস্থান করছে তারা ভোট দেওয়ার জন্য ভারতে ফিরে যেতে পারবেন।
বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, এই সময়ে ভারত থেকে পচনশীল পণ্য এলে দ্রুত খালাস করা হবে।
