ব্রাহ্মণবাড়িয়ায় সোয়া ২ কোটি টাকার ভারতীয় ‘পলিপ্রোপিলিন’ জব্দ
উন্নতমানের এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে বলে ভাষ্য বিজিবির।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে প্রায় সোয়া দুই কোটি টাকার ভারতীয় পলিপ্রোপিলিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা ইসলামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে দুই হাজর ৭৫০ কেজি পলিপ্রোপিলিন জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য সোয়া দুই কোটি টাকা।
উন্নতমানের এসব ‘পলিপ্রোপিলিন’ ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে বলে দাবি বিজিবির।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জব্দ করা পণ্য আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
