Published : 27 Jul 2026, 09:59 PM
গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
তিনি বলেছেন, “বিএনপি বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। বাংলাদেশের মানুষ এই প্রতারণা মেনে নেবে না। সত্যিকার অর্থে জনগণের রায়কে প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। তাহলেই জনগণের প্রত্যাশা পূরণ হবে।”
সোমবার বিকাল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে এক পথসভায় এনসিপির সংসদ সদস্য এসব কথা বলেন।
এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোকজনকে বসাচ্ছে। এসব চলতে পারে না। জনগণের অধিকার বাস্তবায়ন করতে হবে।
যুবসমাজের কর্মসংস্থান নেই মন্তব্য করে এনসিপি নেতা বিএনপির উদ্দেশে বলেন, “বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোকজনকে না বসিয়ে জনগণের কথা ভাবুন। তাহলেই এই সরকার হবে প্রকৃত জনগণের সরকার।”
এনসিপি চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক খাজা আমিরুল বাশারের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান।