Published : 11 Jun 2026, 10:28 PM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় দুই ভাই-বোনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান নালিতাবাড়ী থানার এসআই মো. আব্দুল হান্নান।
কারাগারে যাওয়ারা হলেন- ঢাকার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামে মিজানুর রহমানের ছেলে মো. সামিউল হক ও মেয়ে রাবিয়া খাতুন।
বিজিবি জানায়, বুধবার রাতে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের আওতায় বারোমারী বিওপির একটি দল টহল কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় সীমান্ত পিলার থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের ভেতরে বুরুংগা এলাকা থেকে দুইজন আটক করে বিজিবি।
তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানায় বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুই ভাই-বোনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দিয়ে তাদের হস্তান্তর করা হয়।
এসআই আব্দুল হান্নান বলেন, দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।