২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ৫ দিনের রিমান্ডে

১৫ দিনের রিমান্ড চাওয়া করা হলে আদালত শুনানি শেষে পাঁচ দিনের মঞ্জুর করে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 05:03 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

রংপুর থেকে গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

শুক্রবার সকালে মুখ্য মহানগর হাকিম দেবী রাণী রায় এ রিমান্ড মঞ্জুর করেন বলে মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার জানান। 

এর আগে মহানগরের কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান আদালতে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। 

পরে শুনানি শেষে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 

আসামিপক্ষে আদালতে শুনানিতে অংশ নেন লিগ্যাল এইডের আইনজীবী ইতফা আক্তার। 

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাবেক মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির মধ্যে তার এক আত্মীয়ের  বাসা থেকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। 

একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর নুরুজ্জামানের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ। 

৫ অগাস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে লালমনিরহাট জেলাতেও আটটি মামলা হয়েছে। 

রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার বলেন, “নুরুজ্জামানের নামে একাধিক হত্যা মামলা রয়েছে। সাবেক এ মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেলেও নেওয়া হয়। পরে শুক্রবার রিমান্ড আবেদনের জন্য তাকে আদালতে তোলা হয়।”

আরো পড়ুন:

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার