Published : 31 May 2026, 02:40 PM
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপা পড়ে একটি হাসপাতালের দারোয়ানের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানার ওসি আবদুল মান্নান জানান।
নিহত ৪৮ বছর বয়সী বিল্লাল হোসেন শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের ভূঁইয়া বাড়ির সাহেব আলী ভুঁইয়ার ছেলে। তিনি হাজীগঞ্জ বাজারের ‘ডক্টরস্ সিটি স্ক্যান’ হাসপাতালে কর্মরত ছিলেন।
স্থানীয়রা বলছেন, কুমিল্লা থেকে চাঁদপুরগামী ‘আইদি পরিবহনের’ যাত্রীবাহী বাসের পেছনে ‘বোগদাদ পরিবহনের’ আরেকটি বাস চলছিল। পথে বোগদাদ বাসটি আইদি পরিবহনকে অতিক্রম করার চেষ্টা করে। তবে আইদি পরিবহন সুযোগ না দেওয়ায় বোগদাদ বাসটি ‘রং সাইডে’ চলে যায়।

এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দারোয়ান বিল্লাল হোসেনকে বাসটি চাপা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
সেন্টু নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, “দুই বাসের প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। এটি তারা ইচ্ছাকৃতভাবে করেছে। ঘটনার পরেই বাস দুটি রেখে চালক ও সুপারভাইজার পালিয়ে যান।”
নিহত বিল্লাল হোসেনের চাচা আবদুল মান্নান ভুঁইয়া বলেন, তিন সন্তানের জনক বিল্লাল প্রতিদিন বাড়ি থেকে হাসপাতালে এসে কাজ করতেন।
বোগদাদ ও আইদি পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি আবদুল মান্নান বলেন, “নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”