খাগড়াছড়িতে ছাত্রলীগের ‘নতুন কমিটির’ বিরুদ্ধে মামলা
মামলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত জেলা কমিটি ও আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
শুক্রবার সদর থানার এএসআই বাদশা বুলবুল বাদী হয়ে মামলাটি করলেও শনিবার রাতে তা জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু।
মামলায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরাসহ কমিটির ৪০ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
ওসি বলেন, “গত ২১ এপ্রিল নিষিদ্ধ ছাত্রলীগের নবগঠিত কমিটি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে জড়ো হয়।
“খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা এই ঘটনার নেপথ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি।”
ছাত্রলীগের নতুন কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্ন্নি পোস্ট ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নতুন কমিটির বিষয়ে তারা জানতে পেরেছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলেও জানান ওসি।
