Published : 17 Jan 2026, 09:45 PM
সুনামগঞ্জে শিশু সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তম থেকে দশম শ্রেণিতে পড়ুয়া ২০ ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে।
শনিবার সকালে জেলা সমাজসেবা ভবনের হলরুমে কর্মশালার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার আহমদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।
ইউনিসেফের অংশীদারিত্বে কর্মশালার আয়োজন করেছে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীমের পরিচালনায় এতে হ্যালোর প্রশিক্ষক মো. মনির হোসেন, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার এবং সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিশু সাংবাদিকতা বিষয়ক এ প্রশিক্ষণ কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিজেদের প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি নিজেদের অধিকার, কর্তব্য সম্পর্কেও বিস্তর জানতে পারবে। যার মাধ্যমে একজন শিশু ভবিষ্যতে একজন অগ্রসর নাগরিক হিসেবে গড়ে ওঠবে। এর মাধ্যমে শিশুরা বড়ো স্বপ্ন দেখার সাহস পাবে।
প্রশিক্ষণ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে পড়ালেখার ফাঁকে শিশু অধিকার নিয়ে কথা বলা ও লেখার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ নানা সমস্যায় জর্জড়িত। এর মধ্যে শিশুদের অধিকার নিয়ে কথা বলে না কেউ। তাদের দাবি দাওয়া অপূর্ণ থেকে যায়। ঘরে বাইরে তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। ছোট বলে অনেক সময় তাদের কথা পাশ কাটিয়ে যায় বড়রা। শিশুদের কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে বড়দের।
কর্মশালার প্রথম দিন শিশুদের অধিকার, দেশ ও বিদেশের শিশুদের পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রশিক্ষক মনির হোসেন। পাশাপাশি সহজে সাংবাদিকতার মৌলিক বিষয়ে ধারণা দেন তিনি।
রোববার বিকালে কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝ সনদ বিতরণ করা হবে।