১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মকর্তারা ধানের শীষে ভোট চাচ্ছেন, অভিযোগ আসিফ মাহমুদের

নাটোরের সিংড়ায় নির্বাচনি পথসভায় একথা বলেন এনসিপির মুখপাত্র।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 05:42 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের কারণে সরকারি কর্মকর্তারা ধানের শীষে ভোট চাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বলেছেন, “স্যোশাল মিডিয়ায় আপনারা দেখেছেন, পঞ্চগড়ের একজন প্রিজাইডিং কর্মকর্তা ধানের শীষে ভোট চাচ্ছেন। আমরা মনে করি, একটি গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। 

“নির্বাচন কমিশনে যখন ১১ দলীয় জোটের পক্ষ থেকে কোনো অভিযোগ যায়, তার কোনও ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপি প্রার্থীকে শোকজ করার কারণে ওই অফিসারকে উইড্রো করা হয়। প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসারাও ধানের শীষে ভোট চাচ্ছেন।”

মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনি পথসভায় এসব বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, “প্রশাসনকে ব্যবহার করে আবারও যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না শেখ হাসিনার মত আপনারা পার পেয়ে যাবেন।

“গত তিনটি পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। কিন্তু ৫ অগাস্ট পরবর্তী বাংলাদেশে তা আর সম্ভব নয়। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেব।”

নির্বাচনি পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা নাটোর-৩ আসনের প্রার্থী এস এম জার্জিস কাদেরে পক্ষে প্রচার চালান।

এ সময় নাটোর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।