Published : 01 May 2026, 09:15 PM
ফরিদপুরের মধুখালী উপজেলায় ইটবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পরিক্ষিতপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া।
নিহতরা হলেন- তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তারা উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের বাসিন্দা। তাদের ছয় মাস বয়সী একটি সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিমলাকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলে করে ফরিদপুর যাচ্ছিলেন তামিম। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামিম ও শিমলা আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিমলাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, “এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। দুজনেরই অল্প বয়স। তাদের ছয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”