Published : 27 Aug 2026, 10:40 PM
গোপালগঞ্জ সদর উপজেলার জমিতে পানি দিতে গিয়ে মোটর চালু করার সময় বিদ্যুৎস্পর্শে বাবা ও ছেলের নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম।
নিহতরা হলেন- ওই গ্রামের প্রয়াত সামচু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) এবং তার ছেলে মেহেদী হাসান খাঁ (১০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে মোটরের মাধ্যমে কৃষিজমিতে পানি দিতে যান এনায়েত ও তার ছেলে মেহেদী। মোটরে সংযোগ দেওয়ার সময় অসাবধানতা বসত এনায়েত বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে মেহেদীও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
কিছুক্ষণ পর এনায়েতের স্ত্রী ঘটনাস্থলে গিয়ে বাবা ও ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল কর্মকর্তা এ কে এম সিরাজুল ইসলাম বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয় বলে জানান তিনি।
স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি আমিনুল ইসলাম।