Published : 02 Apr 2026, 09:25 PM
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যখন রাজপথে ছিল, তখন ‘প্রথম’ রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন ব্যানার নিয়ে পাশে ছিল বলে দাবি করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
বৃহস্পতিবার দুপুরে বরিশালের চরমোনাই দরবারের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনসিপি মুখপাত্র বলেন, “জুলাই গনঅভ্যুত্থানের সময় আমরা যখন খুবই ক্রাইসিস মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন প্রথম রাজনৈতিক দল হিসেবে তিনিই (চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম) সর্বপ্রথম পাশে দাঁড়িয়েছিলেন। অন্যান্য দল যখন ভয়ে বলেছিলেন, আমরা আন্দোলনে নেই। উনি তখন রাজনৈতিক দলের ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন। দেশ ও জাতির জন্য তাদের এই অবদান আমরা আজীবন স্মরণ করব।”
দেশের মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে আগামীতেও সেই সম্পর্ক অব্যাহত থাকার কথাও বলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া।
তিনি বলেন, “ছোটবেলা থেকে এই মাহফিলের কথা শুনতাম। কিন্তু এবার প্রথম এখানে আসার সৌভাগ্য হয়েছে।”
১০২ বছর ধরে এ মাহফিল আয়োজনের জন্য চরমোনাই দরবার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান আসিফ মাহমুদ।
মাহফিলে অংশ নিতে সকালে বরিশালে চরমোনাই দরবারে আসেন আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল। দলটির সঙ্গে মতবিনিময়ে অংশ নেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা আব্দুল কাদের, জাতীয় ছাত্রশক্তি নেতা যোবায়ের হোসেন।
বুধবার বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে মাহফিল শুরু হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লঞ্চ ও বাসে এসেছেন হাজার হাজার ভক্ত। মাহফিল শেষ হবে শনিবার সকালে। ওই দিন আখেরি মোনাজাত পরিচালনা করবেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।