১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে রাইফেল, শটগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার, আটক ২

বুধবার রাতে পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এ অভিযান চালায় সেনাবাহিনী।

শরীয়তপুরে রাইফেল, শটগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার, আটক ২
শরীয়তপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মনজুরুল হক মন্টু তালুকদারের বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 04:28 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

শরীয়তপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে নারীসহ দুজনকে। 

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সদর স্টেডিয়ামে সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, পালং মডেল থানা, নড়িয়া থানা ও ডামুড্যা থানাধীন এলাকায় এসব অভিযান চালানো হয়। 

এর মধ্যে বুধবার রাত ২টায় পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের মনজুরুল হক মন্টু তালুকদারের বাড়িতে সেনাবাহিনীর মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। 

মনজুরুল হক মন্টু তালুকদার (৫০) স্বর্ণঘোষ গ্রামের মৃত. সামসুল হক তালুকদারের ছেলে। 

অভিযানকালীন সময় মন্টু তালুকদারকে বাড়িতে না পেয়ে তার স্ত্রীকে (৪০) কে আটক করা হয়।

এই অভিযানে উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদের মধ্যে আছে রয়েছে- দুইটি একে ২২ বোর রাইফেল, একে ২২ বোর রাইফেলের গুলি ৫৭টি, ম্যাগাজিন তিনটি, শটগান একটি, শটগানের গুলি ৭১টি, ৯ এমএম পিস্তলের গুলি ১২টি, ছুরি একটি, টর্চার চেইন একটি। 

এছাড়া দুইটি আইফোন, চারটি বাটন ফোন, ১৪টি মোবাইল সিম, মোবাইল মেমোরি চারটি, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, দুইটি মাউস, একটি কী বোর্ড, একটি বাইক, একটি কার চাবি, এক বোতল বিদেশি মদ, দুইটি মদের খালি বোতল, পাসপোর্ট দুইটি, চেক বই পাঁচটি, ভিসা কার্ড একটি, বিদেশি মুদ্রা, মানিব্যাগ, নগদ ৬২০ টাকা উদ্ধার করা হয়েছে। 

৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেহেদী হাসান আরও বলেন, নড়িয়া আর্মিক্যাম্প থেকে মেজর অনন্যর নেতৃত্বে অভিযান চালিয়ে মোক্তারের চর এলাকা থেকে একটি একনলা বন্দুক, ৭টি গুলি, ৩টি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ রাব্বি মোড়লকে গ্রেপ্তার করেছে। 

একই রাতে ডামুড্যা এরিকাঠি এলাকায় মেজর আবরারের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি বৈদ্যুতিক শকমেশিন, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতি ও দুইটি ছোরা উদ্ধার করেছে।

এসব ঘটনায় পালং মডেল থানা, নড়িয়া থানা ও ডামুড্যা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।  

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, মণ্টু তালুকদারের স্ত্রীকে পালং মডেল থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং উদ্ধারকৃত দ্রব্যাদিসমূহ শরীয়তপুর আর্মি ক্যাম্প রাখা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে উক্ত মালামাল এবং আটক নারীকে পালং থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।