Published : 04 Mar 2026, 02:27 PM
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আমগাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে নিহত হয়েছেন একজন শ্রমিক।
বুধবার সকালে বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন।
নিহত বিপ্লব ঘোষ (৩৬) ওই গ্রামের দুলাল ঘোষের ছেলে।
ভাই বিকাশ ঘোষ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আমগাছের বড় ডাল কাটছিল তার ভাই। হঠাৎ ডালটি ভেঙে পড়ে। তখন ভাই আগে মাটিতে পড়ে যায়, তারপর বিশাল ডালটা তাকে শরীরের ওপর পড়ে।
উপস্থিত সবাই দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে কিন্তু পল্লীচিকিৎসক জানিয়ে দেন সব শেষ।
বিপ্লবের বড় ছেলে সুদীপ্ত (১৬) একাদশ শ্রেণিতে পড়ে, ছোট ছেলে প্রদীপ্ত (৮) তৃতীয় শ্রেণির ছাত্র। তার স্ত্রী চম্পা ঘোষ (৩০) স্বামীর নিথর দেহের পাশে নির্বাক বসেছিলেন।
গ্রামের সমাজকর্মী তাপস ঘোষ বলেন, বিপ্লব খুব মেধাবী ছিল। স্কুলে ভালো ফল করত। কিন্তু অভাবের কারণে মাধ্যমিকের পর আর শিক্ষা জীবন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
“সংসার টানতেই ঝুঁকিপূর্ণ কাজ বেছে নেয়। নিজের কষ্টের কথা কাউকে বলত না। শুধু বলত ছেলেদের মানুষের মতো মানুষ করবে।”
বিষ্ণুপর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের বলেন, “অভাবের কাছে হার মানা এক মেধাবী জীবনের এই করুণ পরিণতি যেন শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি পরিবারের ভবিষ্যৎ ভেঙে পড়ার গল্প। এখন প্রশ্ন একটাই এই অসহায় পরিবারটির পাশে কে দাঁড়াবে?”
ওসি জুয়েল হোসেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।