১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদ্মা সেতুতে দাঁড়িয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি

বেলা পৌনে ১১ টার দিকে মাওয়া টোল প্লাজার ৬ নম্বর লেন দিয়ে সেতুতে প্রবেশ করেন রাষ্ট্রপতি; পরে গাড়ি থেকে নেমে সেতু এবং গ্রীষ্মে পদ্মার সৌন্দর্য উপভোগ করেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 06:49 PM

Updated : 27 Apr 2023, 11:30 AM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাওয়ার সময় পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তুললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেওয়ার দুদিন পর পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জে যান তিনি।

বেলা পৌনে ১১টার দিকে মাওয়া টোল প্লাজার ৬ নম্বর লেন দিয়ে সেতুতে প্রবেশ করেন রাষ্ট্রপতি।

এরপর সেতুর মাঝামাঝি গাড়ি থামিয়ে সেতু এবং গ্রীষ্মে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করেন তিনি।

রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার স্ত্রী রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনি।

ছবি তোলা শেষে রাষ্ট্রপতির বহরের ২৬টি গাড়ি সেতু অতিক্রম করে।

বেলা ১২টা ৩৬ মিনিটে বহর পৌঁছে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। দুপুর পৌনে ১টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় সেনা-নৌ-বিমান বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। বেজে ওঠে বিউগল।

পরে রাষ্ট্রপতি ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধু, ’৭৫-এর ১৫ অগাস্টের শহীদ ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।

এরপর পদ্মা সেতু অতিক্রম করেই রাষ্ট্রপতির বহর রাজধানীতে ফিরে আসে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন বলেন, “মহামান্য রাষ্ট্রপতি মো.  সাহাবুদ্দিনের আগমন উপলক্ষে নিরাপত্তার দায়িত্বটুকু পুলিশ আনন্দের সঙ্গে করেছে।

“শপথ নেওয়ার পর এবারই প্রথম পদ্মা সেতু পার হয়ে টুঙ্গীপাড়া গেছেন। সেজন্য তার পার হওয়ার যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হয়েছে। পাশাপাশি আমরা এটাও নিশ্চিত করেছি সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয়।“

বিদায়ী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদও গত ৭ অক্টোবর ও ১৭ মার্চ পদ্মা সেতু দিয়েই টুঙ্গিপাড়া যান।

২০২২ সালের ২৬ জুন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ বার পদ্মা সেতু অতিক্রম করেছেন।

গত ২৪ এপ্রিল বাংলাদেশের দ্বাবিংশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন।