১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 11:59 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

নারায়ণগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের কর্মী-সমর্থকের ওপর হামলা ও তাদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বন্দর উপজেলার একরামপুর, নূরবাগ ও মুছাপুর ইউনিয়নের কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীর ছেলে মাহমুদুল হাসান শুভ।

তিনি বলেন, আসনটিতে বিজয়ী ধানের শীষের প্রার্থী আবুল কালামের কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছেন।

“দুপুরে বন্দরের একরামপুর এলাকায় ইস্পাহানি বাজার এলাকায় আমাদের কর্মী শামীমকে কুপিয়ে জখম করা হয়। তার বাড়িঘরেও হামলা হয়েছে। একই এলাকার আনোয়ারকে মারধর করা হয়। সেখানে একটি রিকশার গ্যারেজে ভাঙচুর চালানো হয়। পাশের নুরবাগ এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে”, বলেন মাহমুদুল হাসান শুভ।

এ ছাড়া মুছাপুর ইউনিয়নেরও কয়েকটি জায়গায় তাদের কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

হামলার বিষয়ে মোবাইল ফোনে ভুক্তভোগী শামীম জানান, এ বিষয়ে কোনো কথা বলতে চান না তিনি। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আবুল কালামের ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা বলেন, “এগুলো সব মিথ্যা অভিযোগ। ধানের শীষের কোনো কর্মী-সমর্থক এসব ঘটনায় জড়িত না।

“আমরা সকল ভিন্নমতের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করছি। নিজে কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি, কোনো বিশৃঙ্খলা যাতে না হয়। তাছাড়া ফুটবল প্রতীকের স্বতন্ত্র ওই প্রার্থী আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীও ছিলেন না। সুতরাং এসব মিথ্যা অভিযোগ তুলে ইস্যু বানানোর চেষ্টা করছে।”

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “একরামপুরের ঘটনাটিতে পুলিশ গিয়েছিল। সেখানে বিষয়টিকে পারিবারিক দ্বন্দ্ব হিসেবে পেয়েছি। তারপরও আমার থানাতে অভিযোগ করতে বলেছি। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরও কয়েকটি স্থানে হামলার ঘটনার বিষয়ে ওসি বলেন, “আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত রাজনৈতিক দ্বন্দ্বের বিষয় পাইনি। তারপরও পুলিশ বিষয়গুলো নিয়ে কাজ করছে।”