১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেনাপোল বন্দর দিয়ে ৬ দিনে এল ২১০০ টন চাল

আমদানিকৃত চাল প্রতি কেজি বেনাপোল বন্দর পর্যন্ত আমদানি খরচ পড়েছে ৫০ টাকা এবং বাজারে এ চাল কেজিতে বিক্রি হবে ৫১ টাকা।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 12:06 AM

Updated : 26 Aug 2026, 02:58 PM

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত সুবিধার আওতায় ছয় দিনে দুই হাজার ১০০ টন চাল আমদানি করা হয়েছে।

২৭ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে ১৫টি চালানে ৫৮টি ট্রাকে এসব নন বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হয়েছে বলে জানান বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন।

দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে শুল্কমুক্ত সুবিধায় কাস্টমস থেকে ছাড়ের সুবিধা দিয়েছে সরকার।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, গত বছরের নভেম্বর মাসে এই বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল ৬ হাজার ১২৮ টন। চলতি বছরের ১৮ জানুয়ারি বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। যার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী ৩ মার্চ পর্যন্ত। 

এই সময়ের মধ্যে আমদানি করা চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। 

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স ও মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ বলছে, আমদানিকৃত চাল প্রতিকেজি বেনাপোল বন্দর পর্যন্ত আমদানি খরচ পড়েছে ৫০ টাকা এবং বাজারে এ চাল কেজিতে বিক্রি হবে ৫১ টাকা। 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, “আমদানি করা চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাসের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”