ট্রাকে তল্লাশি করে মিলল বিদেশি মদ, আটক ৩ ‘মাদক বিক্রেতা’
উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
শেরপুরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক বিক্রেতাকে আটকের খবর জানিয়েছে র্যাব।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরের নন্দীর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক জানিয়েছেন।
আটকরা হলেন- মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)।
তারা সবাই শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাসিন্দা।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের একটি দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া সংলগ্ন নন্দীর বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন।
পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
একই সঙ্গে আটকদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আটক আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে মেজর আসিফ আল রাজেক জানিয়েছেন।
