বিজিবির ‘ডগ মেঘলার’ সহায়তায় টেকনাফে চোলাই মদসহ ২ জন আটক
ইজিবাইকের পিছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো ছিল ২০ লিটার দেশীয় চোলাই মদ।
বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের ডগ স্কোয়াডের সদস্য ‘মেঘলা’র সহায়তায় দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে টেকনাফ ব্যাটালিয়ন- ২ এর আওতাধীন দমদমিয়া চেকপোস্ট থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আটকরা হলেন, মো. আবুল হাশেম (৩৬) ও মো. কালা মিয়া (৩২)। দুইজনই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বিকালে দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত সদস্যরা হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি ইজিবাইককে তল্লাশির জন্য থামায়।
এ সময় নারকোটিক্স ডগ ‘মেঘলা’ যাত্রীর শরীর ও বাইকে মাদকের উপস্থিতির ইঙ্গিত দেয়। মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন ডগ মেঘলার অব্যাহত সংকেত ও যাত্রীদের অস্বাভাবিক আচরণ দেখে বিজিবি সদস্যরা ইজিবাইকে তল্লাশি চালায়।
পরে ইজিবাইকের পিছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয় এবং মদ বহনকারী ও ইজিবাইকের চালককে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত মদ, ইজি বাইক ও আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরও প্রক্রিয়াধীন বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
