১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চালককে গলা কেটে হত্যা, ভ্যান নিয়ে পালানোর সময় আটক ১

ছিনতাই করা ভ্যান ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে, বলছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2025, 09:42 AM

Updated : 26 Aug 2026, 12:25 PM

মাদারীপুরের শিবচরে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে তার ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করেছে গ্রামবাসী।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান।

নিহত ভ্যান চালক সায়েম মোল্লা (৬৫) শিবচর উপজেলার চরজানাজাত এলাকার বাসিন্দা।

আর আটক সৈকত ঢালী একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের কেরানীরবাট এলাকার আদম আলী ঢালীর ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার রাতে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলায় রাস্তার পাশে সাাইদ মোল্লার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এ সময় স্থানীয়রা দলবেঁধে চারদিকে ছড়িয়ে পড়ে এবং সাইদের ভ্যান গাড়িটি উদ্ধারে নামেন।

পরে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভ্যানটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় সৈকত ঢালীকে আটক করে গণধোলাই দেয় গ্রামবাসী। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের হাতে আটক সৈকতকে নিজেদের হেফাজতে নেয়। 

ওসি রতন শেখ বলেন, “নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সৈকত ঢালী নামে একজনকে আটক এবং ছিনতাই করা ভ্যান ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।”

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।